Dhaka Mail Logo

সারাদেশ

‘সাবাশ বাংলাদেশ!’: সমালোচক থেকে প্রশংসায় মুখর কলকাতার সাংবাদিক ময়ূখ

জেলা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম

যার মুখে সারাদিন বাংলাদেশ নিয়ে নানান বিদ্রুপ, টিপ্পনি শোনা যেত- সেই ময়ূখের মুখেই এবার শোনা গেলো বাংলাদেশের বন্ধনা। বাংলাদেশের পুজো দেখে ‘হিংসুটে ময়ূখ’ বলতে বাধ্য হয়েছেন 'সাবাশ বাংলাদেশ'- একই সাথে চট্টগ্রামের পুজোর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এমনকি চট্টগ্রামের পুজোর জন্য বিশেষ পুরস্কার রাখার অনুরোধও করেন কোলকাতার পুরস্কার আয়োজকদের প্রতিও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিশাল স্ট্যাটাসে বিষয়গুলো জানান ময়ূখ। 

বুধবার রাত ৩টার দিকে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাসটি দেন ময়ূখ রঞ্জন ঘোষ। স্ট্যাটাসটি আলোচিত হয়েছে এপার ও ওপার বাংলায়। ইতোমধ্যে স্ট্যাটাসটিতে সাড়ে ১৬ হাজার লাইক ও সাড়ে তিন হাজারেরও বেশি কমেন্ট পড়েছে। শেয়ার হয়েছে ৪১৬টি। 

চলতি বছরের পূজায় তাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে চট্টগ্রাম। কলকাতার সমস্ত পুরস্কার আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, কলকাতার সমস্ত পুরস্কার আয়োজকদের একটা করে পুরস্কার রাখা উচিত চট্টগ্রামের পুজোগুলোর জন্য। যদি সম্ভব হয় কুরিয়ারে করে এই পুজোগুলোকে সম্মান জানান। ওরা আনন্দিত হবে।

পছন্দের তালিকার কথা উল্লেখ করে তিনি জানান, চট্টগ্রামের পূজাগুলোর মধ্যে তার চোখে সমানভাবে এক নম্বরে থাকবে কোতোয়ালির ‘ষোড়শীকুঞ্জ সর্বজনীন পুজো উদযাপন পরিষদ’ এবং ‘উত্তর কাট্টলী, তালুকদারবাড়ী (বাণী মন্দির) প্রাঙ্গণ’। এর পরপরই থাকবে ‘খলিফাপট্টি’ ও ‘ব্রজধাম স্মৃতি সংসদ’ এবং অন্যান্য মণ্ডপ। 

তিনি আরও বলেন, যে পূজাগুলো দেখা মিস হয়েছে, সেগুলোর কথা জানালে আগামীবার তিনি আগে থেকেই সেগুলোর প্রচার করবেন।

চলতি বছর ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের অনেক প্রতিমা দেখেছেন জানিয়ে তিনি লেখেন, কোনও এক বছর পায়ে হেঁটে প্যান্ডেল ঘুরব। ওখানে ফুচকা পাওয়া যায়? তাহলে ফুচকা খাবো। ক্লান্ত হলে মসলা কোলা। আর কী কী খাওয়া যায়?

এছাড়াও ময়ূখ ময়মনসিংহের দুর্গাবাড়ির সিঁদুর খেলার বিশেষ সুনাম করেছেন। তিনি লিখেছেন- ময়মনসিংহের দুর্গাবাড়ি রোডের সিঁদুরখেলার মিছিল দেখে তার নিজেরই সেখানে চলে যেতে ইচ্ছে করছিল। 

তিনি উল্লেখ করেন, চিত্রনায়ক দেবের ‘ভজগৌরাঙ্গের নাম রে’ গানের তালে গোটা সনাতনী সমাজ নাচছিল, যা ছিল দারুণ। আগামীবার সরাসরি সুপারস্টার দেবের পাশাপাশি শাকিব খানকে রাখার চেষ্টা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘তাহলে বেশ জমে যাবে’।

এছাড়া কুমিল্লার রথের উৎসবকে অভূতপূর্ব হিসেবে বর্ণনা করলেও সেখানে এবং সিলেটে থিমের পূজা চোখে পড়েনি বলে জানান তিনি। এগুলো মিস হয়ে থাকলে তাকে ট্যাগ করার অনুরোধ জানান। পাশাপাশি কুমিল্লার বরুড়া উপজেলায় দীর্ঘদিন পর আবার নতুন করে মায়ের পূজা শুরু হওয়াকে খুশির খবর হিসেবে উল্লেখ করেন তিনি, যেখানে একসময় দারুণ পূজা হতো।

সর্বশেষে নিজের শিকড় ও অস্তিত্ব ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বার্তা দেন, ‘জমি ছেড়ো না। নিজের শিকড় বদলাতে দিয়ো না! ব্যাস এটুকুই!’

ময়ূখ ভারতের স্যাটেলাইট চ্যানেল রিপাবলিক বাংলার সাবেক সাংবাদিক। তার উপস্থাপনায় প্রদর্শিত 'জবাব চায় বাংলা' র মাধ্যমে বাংলাদেশে ব্যাপক পরিচিত পান তিনি। মূলত ২০২৪ সালের সরকার পতনের পর তিনি রিপাবলিক বাংলা চ্যানেলে আধা সত্য ও সম্পূর্ণ মিথ্য তথ্য দিয়ে বাংলাদেশের তৎকালীন সরকারের সমালোচনা করতেন। এমনকি বাংলাদেশকে ভেঙে ফেলার মতোও উগ্রবাদী মন্তব্য করে সমালোচিত হন তিনি। 

প্রতিনিধি/এলএ