জেলা প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, মানুষ ধোঁকা, শোষণ, বঞ্চনা ও নির্যাতনের শিকার হতে হতে দিশেহারা হয়ে পড়েছে। তাই সব দল থেকে মুখ ফিরিয়ে জামায়াত এখন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। জনগণের এই প্রত্যাশা পূরণে যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেনী জেলা জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম।
মাওলানা এটিএম মাছুম বলেন, হজরত ইব্রাহিম (আ.) যেভাবে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছিলেন, তেমনি বিভিন্ন পরীক্ষার মধ্যদিয়ে যেতে হচ্ছে। ভবিষ্যতে নেতৃত্বের গুরু দায়িত্ব অর্পিত হলে যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করা যায়, সে জন্য প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, এ জন্য মজবুত ঈমানের অধিকারী হতে হবে এবং নিয়তের মধ্যে ইখলাস থাকতে হবে। দ্বীনের কাজের ক্ষতি করে দুনিয়াবি কাজে মশগুল থাকা যাবে না। একজন মুমিন যথাযথভাবে নিজের দায়িত্ব পালন করবেন। কোনো পরিস্থিতিতেই হতাশ বা নিরাশ হওয়া কিংবা ভেঙে পড়া যাবে না।
প্রশ্নোত্তর পর্বে জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এটিএম মাছুম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত থাকতে হবে।
কর্মশালায় আরও বক্তব্য দেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির নজরুল ইসলাম, ফেনী জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য একেএম শামছুদ্দিন, নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইসহাক খোন্দকার, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ, লন্ডনপ্রবাসী নেতা অধ্যাপক মফিজুর রহমান (ভার্চুয়ালি) এবং জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুফ।
এ ছাড়া উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট জামাল উদ্দিন। কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা দারসুল কোরআন পেশ করেন।
প্রতিনিধি/এলএ