জেলা প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম
বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে অক্সিজেনের অভাবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান।
নিহতরা হলেন— সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।
ওসি মজিবুর রহমান জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকের ভেতরে জামাল ও সোহাগ সেন্টারিংয়ের কাজ করছিলেন। একপর্যায়ে অক্সিজেনের অভাবে তারা অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক জামাল হোসেন ও মো. সোহাগকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/এলএ