Dhaka Mail Logo

সারাদেশ

মাদারীপুরে বোরকা পরে হামলা, প্রতিপক্ষের পাল্টা আক্রমণে হামলাকারী নিহত

জেলা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পিএম

মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে হামলাকারী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত তাইজুল সরদার (২২) সদর উপজেলার ‘চর কুলপদ্বী’ এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। তাইজুল হত্যাসহ একাধিক মামলার আসামি বলেও জানা গেছে। আহত মহসিন চৌকিদার ও জহির চৌদিকার কালিনগরের মোতালেব চৌদিকারের ছেলে। অপরদিকে আরেক আহত আল আমিন সরদার সদর উপজেলার কুলপদ্বী এলাকার বারেক সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কালকিনির কালীগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মহসিন ও জহিরসহ আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার। এ সময় ইজিবাইকযোগে বোরকা পরে ককটেল বিস্ফোরণ ফাটিয়ে জহির ও মহসিন নামে দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়। পরে হামলাকারীদের ধাওয়া দিয়ে মিলন সরদারের নেতৃত্বে তাইজুল ও আল আমিন নামে দুজনকে কুপিয়ে জখম করা হয়। আহত চারজনকে উদ্ধার করে কালকিনি উাপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

এদিকে গুরুতর আহত দুইভাইকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছে, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার চেষ্টা করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারত। কিন্তু তার উপস্থিতিতে এমন ঘটনা বাড়তে পারে এলাকার আরো সংঘাত। এ জন্য প্রয়োজন প্রশাসনের কঠোর নজরদারি ও আইনি পদক্ষেপ নেওয়া।

নিহত তাইজুলের চাচা সোবাহান সরদার বলেন, সাবেক ইউপি চেয়ারম্যানের নির্দেশেই ১০-২০ জন লোকজন আমার ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে। মিলন ও তার লোকজনের ফাঁসি চাই।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে অথবা পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। নিহত তাইজুল সরদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত হাফিজুর রহমান মিলন সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

প্রতিনিধি/এলএ