Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পিএম

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে আব্দুল খালেক (৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখার গ্রামে এ লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাতটার দিকে দক্ষিণখার গ্রামের আলী আজ্জমের বাড়ির পাশের ডোবায় লাশটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন।

নিহত আব্দুল খালেক ধামতী ইউনিয়নের দক্ষিণখার গ্রামের বাসিন্দা। তিনি মৃত জুনাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পথচারীরা আলী আজ্জমের বসতঘরের পাশের ডোবায় মানুষের মতো কিছু একটা ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হাসান ও উপপরিদর্শক (এসআই) সাগর বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের ছেলে সোহাগ মিয়া লাশটি তার বাবার বলে শনাক্ত করেন। তিনি জানান, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার বাবা ‘নশু মার্কেটের’ গ্রাম্য চিকিৎসক আলমের ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। তিন দিন পর তার বাবার অর্ধগলিত লাশ উদ্ধার করা হলো।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশ উদ্ধারের সময় আব্দুল খালেকের হাতের মুঠোয় একটি টর্চলাইট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি ডোবায় পড়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রতিনিধি/এসএস