Dhaka Mail Logo

সারাদেশ

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬, ১১:৩৬ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জহির ফকির নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় তাকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকার মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের যুবদল সভাপতি ছিলেন।

কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি সম্পর্কে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা না হলেও নিহত জহিরের ভাগ্নে ইসমাইল হোসেনের দাবি, মুবারক নামে একজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

তিনি মামা জহির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের পর গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম বলেন, ‘জহির যুবদলের ত্যাগী নেতা ছিল। তার বাসা কালাপাহাড়িয়া হলেও সে মুন্সিগঞ্জে বসবাস করত। হঠাৎ খবর পেলাম ১৫-২০ জনের কোনো একটা গ্রুপ তাকে হত্যা করেছে। ছেলেটা প্রায় সময় আমাকে বলতো যে তাকে মেরে ফেলবে। কিন্তু কার সঙ্গে ওর দ্বন্দ্ব ছিল তা নিশ্চিত হতে পারিনি। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি এমন খবরে।’

হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।’

প্রতিনিধি/এমআর