Dhaka Mail Logo

সারাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক কর্মকর্তা ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘গ্রেফতারের পর তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ এর বাইরে বেশি কিছু তথ্য দিতে চাননি তিনি।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৩টার দিকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান। এরপর সেখান থেকে প্রধানমন্ত্রী রুয়েটের একটি বাসে করে রাজশাহীর নগরীতে প্রবেশ করেন। এ সময় রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানায়। চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে জবাব দেন।

‘দ্য বিউটি অব রাজশাহী’ (The Beauty of Rajshahi) নামে একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট দেয়া হয়। এই পোস্টের সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের বাসের ছবি সংযুক্ত করা হয়।

পোস্টটির মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয় ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল’। এই মন্তব্যটির ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা।

ফেসবুকে মন্তব্যটি ছড়িয়ে পড়লে তৎপর হয় আইনশৃঙ্খলাবাহিনী। এরপর আবু বকরকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আলী আশরাফ মাসুম বলেন, ‘ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে আমরাও উদ্বিগ্ন হয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তার প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুক পেজে একজন একটি মন্তব্য করেছেন যা অত্যন্ত উদ্বেগজনক অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এমআর