Dhaka Mail Logo

সারাদেশ

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, সুনামগঞ্জ সীমান্তে আটক ৩

জেলা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬, ১০:৩১ এএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় এক ব্যক্তিকে মানবপাচারের অভিযোগে এবং আরও দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির আওতাধীন আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার উপজেলার মো. আমির (২২), যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মো. আবুল হোসেন (৪২) এবং শার্শা উপজেলার বেনাপোল এলাকার ফাতেমা (১৮)।

বিজিবি জানায়, আটক আবুল হোসেন ও ফাতেমার দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন। ঘটনার দিনও তিনি তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিজিবি আরও জানায়, আটক দুই বাংলাদেশি নাগরিকের ভারতে আত্মীয়স্বজন রয়েছেন। তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার সময় আটক করা হয়।

এ সময় স্থানীয় আরও দুই ব্যক্তি অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪) পালিয়ে যান বলে জানিয়েছে বিজিবি।

আটক আমির, আবুল হোসেন ও ফাতেমাকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

প্রতিনিধি/এসএস