Dhaka Mail Logo

সারাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, অভিযুক্ত শনাক্ত

জেলা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারীকে শনাক্ত করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল তিনটার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে রুয়েটের একটি বাসে নগরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাস নিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। পোস্টে লেখা হয়, ‘সবই বুঝলাম! রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’ পোস্টটির সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের বাসের ছবি যুক্ত করা হয়।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি

পোস্টটির মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

এ মন্তব্যের নিন্দা জানিয়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যিনি এমন মন্তব্য করেছেন, তাকে আইনের আওতায় আনতে হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ষড়যন্ত্রের আশঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে তারা উদ্বিগ্ন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তার প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে একজনের করা মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে মন্তব্যকারীকে শনাক্ত করা হয়েছে।

প্রতিনিধি/এসএস