জেলা প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ এএম
কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ের ফেনীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য জানান বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ।
তিনি বলেন, তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার কারণ এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা থাকলে সে বিষয়েও বিস্তারিত উঠে আসবে।
এর আগে ট্রেনটির লোকোমাস্টার মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, রেললাইনে মেরামতের কাজ চললেও তাকে এ বিষয়ে জানানো হয়নি।

অন্যদিকে, ট্রেনটিকে লাইন ক্লিয়ারেন্স পেপার দেওয়া নাঙ্গলকোট স্টেশনমাস্টার জামাল হোসেনও দাবি করেছেন, রেললাইনে মেরামতকাজের বিষয়ে তিনি কোনো তথ্য পাননি।
মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে লাকসামের নাওটি স্টেশনের আউটারে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু হয়।
প্রতিনিধি/এসএস