জেলা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম
রংপুরের কাউনিয়ায় দুর্গাপূজার প্যান্ডেল ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৈতার মোড় দিঘলটারী দুর্গামন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল উদ্দিন টেপামধুপুর ইউনিয়নের মন্ডলটারী মধুপুর গ্রামের জাহিদুল ইসলাম ও সাজেদা বেগমের ছেলে। তিনি মধুপুর বাজারের ‘মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটর’ প্রতিষ্ঠানে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্যান্ডেল, বৈদ্যুতিক সংযোগ ও লাইটিংয়ের সরঞ্জাম খুলে নিতে বুধবার সকাল আটটার দিকে মন্দিরে যান শাকিল। প্যান্ডেল খোলার কাজ শেষে বৈদ্যুতিক সংযোগ ও লাইটিংয়ের সরঞ্জাম সরানোর সময় জেনারেটরে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।
এ সময় মন্দিরে উপস্থিত লোকজন ও দায়িত্বরত আনসার সদস্যরা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্যান্ডেল ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস