জেলা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পিএম
নড়াইলের কালিয়ায উপজেলায় ফেসবুক পেজ ও অনলাইন অ্যাপের মাধ্যমে বিভিন্ন পণ্যের ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ১০ জন পলাতক আসামির নাম-ঠিকানা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন, কম দামে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি, এমনকি অনলাইনে চাকরির প্রলোভন। এসব কৌশলে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। ‘মাই মোবাইল শপ’, ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘কলম প্যাকেজিং জব’, ‘শামীম ইলেকট্রনিক ফ্যান’, ‘রাজ ইলেকট্রনিক ফ্যান’ ও ‘ইউন্টার গ্যালারি বিডি’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়নের খড়ড়িয়া পোলের বাজার এলাকায় অভিযান চালায় কালিয়া থানা পুলিশ। এ সময় সজল শেখ এবং মো. হেলাল উদ্দিন কাজীকে গ্রেফতার করা হয়। তাঁদের বাড়ি খড়ড়িয়া পূর্বপাড়ায়।
পুলিশের দাবি, হেলাল উদ্দিন কাজী বিকাশ এজেন্ট হিসেবে প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ ক্যাশ আউট করার কাজে সহযোগিতা করতেন। এ ক্ষেত্রে প্রচলিত চার্জের চেয়ে বেশি অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, গ্রেফতার দুজনের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সাইবার অপরাধের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও ১০ জন পলাতক আসামির নাম-ঠিকানা পাওয়া গেছে। তাঁদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এজে