জেলা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম
দেবীর বিদায়বেলায় লাল সিঁদুরে রাঙিয়ে উঠল দিনাজপুরের পূজামণ্ডপগুলো। ঢাকের তালে তালে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠলেন নারী ভক্তরা। একে অপরের কপালে, গালে ও মুখে সিঁদুর মাখিয়ে শুভকামনা আর ভালোবাসায় রাঙিয়ে তুললেন বিদায়ের মুহূর্ত। উৎসবের রঙে রাঙানো এই আয়োজনে আনন্দের পাশাপাশি ছিল প্রিয় দেবীকে বিদায় জানানোর আবেগও।
বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহাদশমীতে দিনাজপুরের বিভিন্ন পূজামণ্ডপে দেখা যায় সিঁদুর খেলার এমন বর্ণিল আয়োজন। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ দিনে দেবী দুর্গাকে বিদায় জানানোর আগে এই ঐতিহ্যবাহী আয়োজনে অংশ নেন নারীরা। ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে পূজামণ্ডপগুলো হয়ে ওঠে আনন্দমুখর।
দিনাজপুর শহরের কালীবাড়ি পূজামণ্ডপেও সিঁদুর খেলায় মেতে ওঠেন নারী ভক্তরা। পরস্পরের কপাল ও গালে সিঁদুর মাখিয়ে আনন্দ ভাগাভাগি করেন তারা। লাল সিঁদুরে রঙিন হয়ে ওঠে তাদের মুখ, আর হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো মণ্ডপ।

নারী ভক্ত দেবশী রায় বলেন, দেবী দুর্গার বিদায়ের দিনে সিঁদুর খেলায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। একে অপরকে সিঁদুর পরিয়ে আনন্দ ভাগাভাগি করেছি। তবে উৎসব শেষ হয়ে দেবী চলে যাবেন, এই ভাবনায় মনটা কিছুটা খারাপও লাগছে।
আরেক নারী ভক্ত অর্পনা সাহা বলেন, সিঁদুর খেলা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। এই দিনে সবাই মিলে আনন্দ করি, একে অপরের মঙ্গল কামনা করি। কয়েক দিনের পূজার আনন্দ শেষে আজ দেবীকে বিদায় জানাতে হচ্ছে। আগামী বছর আবার যেন আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদ্যাপন করতে পারি, সেই প্রার্থনা করি।
উল্লেখ্য, এ বছর দিনাজপুর জেলায় মোট ১ হাজার ৩১৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধি/টিবি