Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, আহত ২

জেলা প্রতিনিধি

২১ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএম

ময়মনসিংহের ভালুকায় পুলিশের ওপর হামলা করে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্বজনরা। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কদ্দুসকে গ্রেফতার করতে তার গ্রামের বাড়ি সজনগাঁও গ্রামে অভিযান চালায় ভালুকা মডেল থানা-পুলিশ। অভিযানে আব্দুল কুদ্দুসকে গ্রেফতারের পর সে জানায়, সে জামিনে আছে। পুলিশ তার জামিনের কাগজ দেখতে চাইলে আব্দুল কদ্দুস টালবাহানা শুরু করে। একপর্যায়ে আব্দুল কুদ্দুসের লোকজন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে আব্দুল কুদ্দুসের স্বজনরা পুলিশের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করেন। রাত ৯টার দিকে আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

প্রতিনিধি/টিবি