Dhaka Mail Logo

সারাদেশ

প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি

জেলা প্রতিনিধি

২১ অক্টোবর ২০২৬, ১০:১৭ এএম

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে বিএনপির ৯ জন নেতাকর্মী মোবাইল ফোন হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে সাতজন নগরীর রাজপাড়া থানায় এবং একজন বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে, একজনের ফোন হারানোর বিষয়ে এখনো জিডি করা হয়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় মোবাইল ফোন হারানো ব্যক্তিদের মধ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইটের ছেলে তাওসীফ আজাদও রয়েছেন। তার ফোন হারানোর ঘটনায় বোয়ালিয়া থানায় জিডি করা হয়েছে।

এ বিষয়ে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, প্রধানমন্ত্রী যখন বক্তব্য শেষ করে চলে যাচ্ছিলেন, তখন মঞ্চের পেছন দিকেই দাঁড়িয়ে ছিল আমার ছেলে। ভিড়ের মধ্যে কেউ তার ফোনটি নিয়ে নিয়েছে।

পুলিশ জানিয়েছে, জনসভায় মোবাইল ফোন হারানোর ঘটনায় বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজপাড়া থানায় সাতটি জিডি হয়েছে। তবে ফোন হারানো আরও কয়েকজন এখনো থানায় জিডি করেননি।

তাদের একজন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ বাদশা। ফোন চুরির ঘটনায় তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, আজ রাজশাহী মাদরাসা মাঠে বিএনপির জনসভায় আমার ফোন চুরি হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত কোনো মেসেজ কিংবা বিব্রতকর কোনো পোস্ট দেখলে এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি।

ফরহাদ বাদশা জানান, প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে মাদরাসা মাঠের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় পাঞ্জাবির পকেট কেটে তার মোবাইল ফোন চুরি করা হয়েছে। তবে, এ ঘটনায় তিনি এখনো জিডি করেননি। বুধবার থানায় গিয়ে জিডি করবেন বলে জানান তিনি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ পর্যন্ত ফোন হারানোর সাতটি জিডি হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট খুব শক্তিশালী। আমরা ফোনগুলো উদ্ধারের চেষ্টা করবো। যদি কোনো অপরাধী পাওয়া যায়, তাকেও আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/টিবি