Dhaka Mail Logo

সারাদেশ

ইজিবাইক উল্টে ১০ বছরের শিশুর মৃত্যু, মা ও চালক আহত

জেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৬, ১১:৩২ পিএম

ঝালকাঠির রাজাপুরে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে মো. আদিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা নিশাত সুলতানা (৩০) ও ইজিবাইকের চালক মো. হেমায়েত তালুকদার (৪৫) আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদিব রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাসিন্দা ও বাহরাইনপ্রবাসী মো. রিয়াজ বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকটি রাজাপুর থেকে দক্ষিণ তারাবুনিয়ার দিকে যাচ্ছিল। পথে নারিকেলবাড়িয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে আদিব, তার মা নিশাত সুলতানা ও চালক হেমায়েত তালুকদার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আদিবকে মৃত ঘোষণা করেন। আহত মা ও চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/আরআর