জেলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম
নড়াইলের নড়াগাতী থানায় নিখোঁজের অভিযোগ দেওয়ার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও গৃহবধূ নাজমা বেগমের (৩৮) সন্ধান মেলেনি। স্ত্রীকে খুঁজে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার স্বামী তরিকুল ইসলাম ও পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নাজমার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ নাজমা বেগম নড়াগাতী থানার টোনা গ্রামের বাসিন্দা তরিকুল ইসলামের স্ত্রী। তার বাবার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে। তার বাবার নাম সামছুল আলম মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যান নাজমা। এ সময় তিনি নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। সঙ্গে নিয়ে যান নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং মেয়ের আনুমানিক তিন ভরি স্বর্ণালংকার। অভিযোগে এসব স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
নাজমার স্বামী তরিকুল ইসলামের দাবি, তার স্ত্রী মাঝেমধ্যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেন। নাজমা বাড়ি থেকে চলে যাওয়ার পর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে ১২ সেপ্টেম্বর নড়াগাতী থানায় লিখিত অভিযোগ করেন তরিকুল ইসলাম। তবে অভিযোগ দেওয়ার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নাজমার কোনো খোঁজ মেলেনি।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, “শুনেছি, নিখোঁজ নারী মানসিক ভারসাম্যহীন। পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। তার সন্ধান পাওয়া গেলে পরিবারকে জানানো হবে।”