Dhaka Mail Logo

সারাদেশ

সাংবাদিক আলিফ হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনের কাছাকাছি পুলিশ: ডিআইজি

জেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

তদন্তের স্বার্থে এখনই জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় গ্রেফতার এক সন্দেহভাজনকে প্রথমে এক দিন এবং পরে আরও চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নেত্রকোনা শহরের শিববাড়ি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন ডিআইজি।

মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, আসামিদের গ্রেফতার ও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। গত রাতেও পুলিশের একটি বিশেষ দল অভিযান শেষে ভোর চারটার দিকে বার্তা পাঠিয়েছে। আসামিদের গ্রেফতার ও ঘটনার রহস্য উন্মোচনে পুলিশকে প্রায় নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। আইজিপিও এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তাগাদা দিচ্ছেন এবং নিয়মিত মামলার খোঁজখবর নিচ্ছেন।

ডিআইজি বলেন, নেত্রকোনা সীমান্তবর্তী জেলা হওয়ায় অনেক সময় অপরাধীরা অপরাধ সংঘটনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আসামিদের গ্রেফতারে কিছুটা জটিলতা তৈরি হয়। তবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে। এ মামলার তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যুক্ত হয়েছে। তারা ছায়া তদন্তের মাধ্যমে জেলা পুলিশকে সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, ‘আমরা ঘটনার প্রায় কাছাকাছি চলে এসেছি। যারা এই ঘটনা ঘটিয়েছে, তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করছি না।’ দ্রুত মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তদন্তের স্বার্থে পুলিশকে ধৈর্য ধরে কাজ করার সুযোগ দিয়ে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান।

পূজামণ্ডপের নিরাপত্তা প্রসঙ্গে ডিআইজি বলেন, দুর্গাপূজার প্রতিটি আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে একাধিক সভা করা হয়েছে। নেত্রকোনায় পূজামণ্ডপের সংখ্যা বেশি হওয়ায় নিরাপত্তা জোরদার করতে এক প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মোতায়েন করা হয়েছে।

এ সময় নেত্রকোনার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এবং নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির।

এ ঘটনায় শুক্রবার রাতে তার স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় পুরোনো সিনেমা হলের সামনে থেকে মামলার সন্দেহভাজন আসামি সাজিবুল ইসলাম অপূর্বকে (২৪) গ্রেফতার করে পুলিশ। তাকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস