Dhaka Mail Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলা, ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা মেইল ডেস্ক

২০ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পূর্ববিরোধের জেরে মোটরসাইকেল থামিয়ে মো. সোহেল মল্লিক নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের টংগিবাড়ী বাজার সংলগ্ন এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোহেল মল্লিক হামলাকারীদের বিরুদ্ধে টংগিবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, সোহেল মল্লিক তার বন্ধু সুমন দেওয়ানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে টংগিবাড়ী বাজারের দিকে যাওয়ার পথে সোনারং এলাকার একটি মাদরাসার সামনে পৌঁছালে পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করেন। একপর্যায়ে অভিযুক্তরা তাকে জোরপূর্বক মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর শুরু করেন। এ সময় তাকে হত্যার উদ্দেশে ধারালো চাপাতি দিয়ে আঘাত করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

সোহেল মল্লিকের অভিযোগ, ‘সুমন পোদ্দার ধারালো চাপাতি দিয়ে তার বুকে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করেছেন। এছাড়া অভিযুক্তরা তার পকেট থেকে ২৫ হাজার ৮৫০ টাকা, একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে।’
 
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত সোহেল মল্লিককে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

ভুক্তভোগী মো. সোহেল মল্লিক অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে সুমন পোদ্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এএইচ