Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় ডিবি পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ, সতর্ক করল পুলিশ

জেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম

গাইবান্ধার বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ, মাদক ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার জানান, কথিত চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে ডিবি ও থানা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৫ জনের একটি চক্র বিভিন্ন এলাকায় অভিযান চালানোর কথা বলে মানুষের বাড়িতে যাচ্ছে। চক্রটির সদস্যরা নিজেদের ডিবি কর্মকর্তা পরিচয় দিয়ে মামলা, গ্রেফতার ও কারাগারে পাঠানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করছে বলে অভিযোগ রয়েছে। মাদকসেবী, মাদক কারবারি, হ্যাকার, ক্যাসিনো এজেন্ট এবং আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পরিচিত ব্যক্তিদের বাড়িতে গিয়েও হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

বিশেষ করে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও দরবস্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় চক্রটির তৎপরতার অভিযোগ পাওয়া গেছে। রাতের বেলায় নির্দিষ্ট কিছু বাড়িতে গিয়ে ডিবি পরিচয়ে ডাকাডাকি ও অর্থ দাবি করার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

গাইবান্ধা জেলা ডিবির ওসি মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, কথিত চক্রটিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য ডিবি ও থানা পুলিশ কাজ করছে। চক্রটির মূল হোতাসহ জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, কেউ ডিবি বা থানা পুলিশের পরিচয়ে বাড়িতে গেলে কিংবা অভিযান পরিচালনা করলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও অভিযানের সত্যতা যাচাই করা জরুরি। এ ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিতে এবং সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিনিধি/এসএস