জেলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম
নওগাঁর পোরশায় পূর্ণভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেলিম রেজা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা নামক স্থানে পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের নুর বক্তের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নদীতে মাছ ধরার রিং জাল বসানো নিয়ে সেলিম রেজার সঙ্গে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে শক্ত কোনো বস্তু দিয়ে সেলিম রেজার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে সেলিম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস