জেলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম
ফেনীর সোনাগাজীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. দুলাল প্রকাশ ইবরাহীম দুলালকে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। তার বিরুদ্ধে সোনাগাজী থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত ১১টি মামলার তথ্য রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে সোনাগাজী থানার ডাকবাংলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুলাল (৪৮) উপজেলার উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃত মোখলেছুর রহমান প্রকাশ মকবুল আহাং মকুর ছেলে।
এসআরবি-৭ এর তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি সোনাগাজী থানায় দায়ের করা একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে আটক করা হয়।

ওই মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় দুলালকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ রয়েছে।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (পুলিশ সুপার, মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, দুলাল গ্রেফতারি পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস