জেলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ০২:৩২ পিএম
ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে গণপিটুনিতে আসিফ (৩০) নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে সোমবার (১৯ অক্টোবর) রাতে ভোলা সদর মডেল থানায় মামলাটি করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলা গ্রহণের পর তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় একটি সালিশি বৈঠকে স্থানীয় বিএনপি নেতা হোসেন ম্যানেজারের সঙ্গে আসিফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসিফ হোসেন ম্যানেজারকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন আহত হোসেন ম্যানেজারকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।
এদিকে হোসেন ম্যানেজারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে একদল লোক আসিফকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
আসিফের মায়ের করা হত্যা মামলার তদন্ত চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে রাজাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে। পাশাপাশি কোনো নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হবে।
প্রতিনিধি/এসএস