Dhaka Mail Logo

সারাদেশ

নাজিরপুরে ট্রলারডুবি: ঘটনাস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী কালীগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে পারাপারের সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে। শিশুটির মা এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে দুর্ঘটনাস্থল নাজিরপুরের শ্রীরামকাঠী ও নেছারাবাদের ভরতকাঠী খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী খেয়াঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে কালীগঙ্গা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়।

আরও পড়ুন

নাজিরপুরে যাত্রীবোঝাই ট্রলারডুবি: শিশুর লাশ উদ্ধার, মা নিখোঁজ

ঘটনাস্থল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মকর্তারা এবং নাজিরপুর থানা-পুলিশের সদস্যরা।

নিখোঁজ নারীকে উদ্ধারে কালীগঙ্গা নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল।

প্রতিনিধি/এসএস