জেলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম
মানবপাচার মামলায় অভিযুক্ত লাভলু মিয়াকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানা পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ মামলায় লাভলু মিয়া প্রধান আসামি। সংশ্লিষ্ট মামলার আরও দুই আসামি এখনো পলাতক রয়েছেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার লাভলু মিয়া ওই এলাকার জয়তুল্লাহর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার পাকুরিয়া ভাটিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামকে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান লাভলু মিয়া। এ জন্য সাইফুলের পরিবারের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা নেন তিনি। পরে সাইফুলকে সৌদি আরবে পাঠানো হলেও প্রতিশ্রুত চাকরি ও বেতন নিয়ে জটিলতা দেখা দেয়। এ অবস্থায় সাইফুলকে দেশে ফিরিয়ে আনতে তার পরিবার লাভলু মিয়ার সঙ্গে যোগাযোগ করে। তখন সাইফুলের পরিবারের কাছে আরও ১৬ লাখ টাকা দাবি করেন লাভলু। দাবি করা টাকা না দেওয়ায় লাভলুর লোকজন সাইফুলকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেন এবং তাকে জিম্মি করে রাখেন বলে অভিযোগ রয়েছে।
মানবপাচারের অভিযোগে সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে লাভলু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মামলা করেন। মামলাটি করা হয় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে। আদালতের নির্দেশনা অনুযায়ী, সোমবার রাতে দশকাহনিয়া এলাকায় লাভলু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় অভিযুক্ত অপর দুই ব্যক্তি এখনও পুলিশের নাগালের বাইরে রয়েছেন।
শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, মানবপাচার মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্য দুই আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/টিবি