Dhaka Mail Logo

সারাদেশ

আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না: শামা ওবায়েদ

জেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ এএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তখনই সব ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে বাঁচতে পারেন। তারা স্বাধীনভাবে ও নিরাপত্তার সঙ্গে ধর্মীয় উৎসব পালন করতে পারেন। আমরা ১৮ কোটি মানুষকে আশ্বস্ত করতে চাই, তারা যে ধর্মের বা বর্ণেরই হোন না কেন- সবাই সমঅধিকার নিয়ে বাঁচবেন। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না।

সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথায় সাহাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, গত বছর ও এ বছরের পূজার মধ্যে পার্থক্য রয়েছে। বর্তমানে আমরা একটি গণতান্ত্রিক সরকারের অধীনে রয়েছি। গত ফেব্রুয়ারি মাসে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে বিএনপি। এই সরকার সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গত বছরের দুর্গাপূজার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত পূজায় বিএনপির নেতাকর্মীরা মন্দির কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে সারারাত পাহারা দিয়েছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বিগত সরকারের সময়ের বরাদ্দের সঙ্গে এ বছরের বরাদ্দের তুলনা করে জানতে চান, এ বছর তারা আগের চেয়ে বেশি বরাদ্দ পেয়েছেন কি না।

তিনি আরও বলেন, গত ১৭ বছর মানুষ একটি কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে পার করেছে। তবে এবারের শারদীয় দুর্গাপূজায় সব ধর্মের মানুষ এক হয়ে, ভাই ভাই হিসেবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উৎসব পালন করছেন। এটাই বাংলাদেশের সৌন্দর্য ও মাধুর্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় হবে।

নিজের বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, তার বাবাও একসময় পূজামণ্ডপে আসতেন। তিনি যত দিন বেঁচে ছিলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য কাজ করেছেন।

এ সময় উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে কোনো ধরনের কোন্দল সৃষ্টি করা যাবে না। সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে দলাদলি না করে সংগঠনকে শক্তিশালী করতে হবে। জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও মিরান হোসেন, সদস্যসচিব এনায়েত হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এলএ