Dhaka Mail Logo

সারাদেশ

মিরসরাইয়ে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবকের

উপজেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৬, ০১:৫৩ এএম

মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ হাবিব (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন আরও দুইজন। 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওচমানপুর-জোরারগঞ্জ আঞ্চলিক সড়কের সাহেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হাবিব ওচমানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাহেবপুর এলাকার আমির আলী সওদাগর বাড়ির কাদেরুল ইসলামের ছেলে। আহতরা হলেন- নাঈম হোসেন (২২) ও সাজ্জাদুল ইসলাম (২৬)। 

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যায় তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। পূজামণ্ডপ থেকে একটি অটোরিকশা বের হয়। এসময় ওচমানপুর-জোরারগঞ্জ আঞ্চলিক সড়কের সাহেবপুর এলাকায় মোটরসাইকেলটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ হাবিব ও তার দুই বন্ধু নাঈম হোসেন ও সাজ্জাদুল ইসলাম আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ রাকিব হাসান বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হাবিবকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ওচমানপুর এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। 

প্রতিনিধি/এলএ