জেলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ এএম
গণঅভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন পলাতক ছিলেন আওয়ামী লীগ নেতা ফকরুল আলম রতন। অসুস্থ মাকে দেখতে এসে হত্যার শিকার হন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফকরুল আলম রতন ওই গ্রামের মৃত মতিয়ার রহমান তৌসিলদারের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
স্থানীয় স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফকরুল আলম রতন তার অসুস্থ মাকে দেখতে বাড়িতে আসেন। তবে বাড়িতে প্রবেশের আগেই মোটরসাইকেলে থাকা অবস্থায় কয়েকজন রতনের ওপর ধারারো অস্ত্র নিয়ে হামলা চালায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য ও বেশ কিছু বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে রতনের বিরোধ চলছিল। এর জের ধরে থাকে হত্যা করা হয়েছে।
নিহত রতনের মা সাংবাদিকদের কাছে বিলাপ করতে করতে বলেন, ছেলে আমাকে দেখতে এসেছিল। তারা আমার ছেলেকে হত্যা করল।
রতনের চাচি জানান, রতনের মা অসুস্থ থাকায় তাকে দেখতেই বাড়িতে এসেছিল রতন। কিন্তু মায়ের সঙ্গে দেখা হওয়ার আগেই তাকে হত্যা করল তারা।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল চন্দ্র মণ্ডল বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রতিনিধি/এলএ