Dhaka Mail Logo

সারাদেশ

ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মজিবুর রহমান মঞ্জু

জেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৬, ১২:২৯ এএম

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ধর্মীয় সংবেদনশীল বিষয়ে সহিষ্ণু আচরণ রাষ্ট্রীয় ঐক্য সুদৃঢ় করবে। ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু। কোনো দায়িত্বশীল ব্যক্তির উচিত নয় ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও উত্তেজনা সৃষ্টিকারী কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। রাজনৈতিক ক্ষেত্রেও কারও অধিকারে তারতম্য নেই। রাষ্ট্রের দায়িত্ব এসব অধিকার সমুন্নত রাখা। কিন্তু ক্ষমতাসীন গোষ্ঠী নিজেদের কর্তৃত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠা করতে গিয়ে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে। ক্ষমতাকেন্দ্রিক সংঘাতে কখনো কখনো ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে বিভেদ তৈরি করা হয়।

সম্প্রীতি ও সৌহর্দ্যের বার্তা দিয়ে তিনি আরও বলেন, প্রকৃত ধার্মিকেরা কখনো হিংসা-হানাহানি কিংবা অন্যকে হেয়প্রতিপন্ন করা সমর্থন করতে পারেন না। ‘ধর্ম যার, উৎসব তার, রাষ্ট্র সবার’এই মূলনীতি মেনে সবাইকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি ধর্মীয় সংবেদনশীল বিষয়ে সহিষ্ণু আচরণের আহ্বান জানান তিনি।

এদিন মজিবুর রহমান মঞ্জু দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরতলির কুমিরা পূজামণ্ডপ, উত্তর খানেবাড়ী দুর্গা কালী মন্দির, মাস্টারপাড়া গুরুদাস চক্র মন্দির, কালীবাড়ি মন্দির ও জগন্নাথবাড়ি মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। 

এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও আয়োজকদের খোঁজখবর নেন।

এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক নুর নবী নয়ন, ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন আনসারী, যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম কামরুল, সদর উপজেলা আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবু সাইদ খান, এবি যুব পার্টির আহ্বায়ক শফিউল্যাহ পারভেজ ও সদস্যসচিব এস এম ইব্রাহিম সোহাগসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সনাতন ধর্মালম্বী বিভিন্ন সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ