Dhaka Mail Logo

সারাদেশ

পূজামণ্ডপ পরিদর্শনে প্রতিমন্ত্রী, বিদ্যুৎ না থাকায় দুঃখ প্রকাশ

জেলা প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম

ঝিনাইদহ বারোয়াড়ী পূজামণ্ডপ পরিদর্শনকালে বিদ্যুৎ না থাকায় দুঃখপ্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। 

সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় বারোয়ারী পূজামণ্ডপে আর্থিক সহায়তা দেওয়া অনুষ্ঠানে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, এখানে আসার পর কিছুটা সময় বিদ্যুৎ ছিল না। তার কিছু সময় পরেই আবার বিদ্যুৎ চলে আসে। যেহেতু এ মন্ত্রণালয়ের দায়িত্বে আমি রয়েছি, সে কারণে আমি এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি। আমি বিব্রত এ পরিস্থিতিতে। কারণটি জানার চেষ্টা করেছি কেন- এ ঘটনা ঘটল। পরে জানতে পারলাম, এটি ছিল টেকনিক্যাল ফল্ট। তারা সেটি দ্রুত সময়ে সমাধান করার চেষ্টা করেছেন। 

তিনি বলেন, আমাদের চেষ্টা থাকবে- আপনাদের সকল আয়োজনে সর্বোতভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। কিন্তু এখানে আপনাদের সহায়তা প্রয়োজন। সরকারের তরফ থেকে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটিকে বলা হয়েছে। আপনারা অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করুন এবং সকল মন্দিরে যেন জেনারেটর থাকে- সেটা নিশ্চিত করতে। সিসি টিভি ক্যামেরা রাখতে হবে, যাতে কেউ এখানে কোনোভাবে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করতে না পারে। এ ব্যাপারে আপনারা সচেতন থাকবেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, পূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, সারাদেশে আবহমানকাল ধরে পূজা একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে। আমাদের সরকারের দায়িত্ব সকল ধর্মের মানুষ যেন তাদের ধর্মীয় উৎসব শান্তিতে পালন করতে পারে সেটি নিশ্চিত করা। সরকার এবং জাতীয়তাবাদী দল সবসময় আপনাদের পাশে আছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

প্রতিনিধি/এলএ