Dhaka Mail Logo

সারাদেশ

যশোরে পূজা দেখতে গিয়ে সড়কে ঝরল ভাইবোনের প্রাণ

জেলা প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৬, ১০:১০ পিএম

বাবা-মায়ের সঙ্গে দুর্গাপূজা দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিশু ভাইবোনের।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে যাত্রীবাহী ভ্যানের সঙ্গে গরুবোঝাই নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।

নিহত দুই শিশু হলো- ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজামণ্ডপ দেখতে বাড়ি থেকে বের হন সাধন কুমার। পথে ফুলতলা এলাকায় পৌঁছালে যাত্রীবাহী ভ্যানের সঙ্গে গরুবোঝাই নসিমনের সংঘর্ষ হয়। এতে দুই শিশু গুরুতর আহত হয়। পরে তাদের মৃত্যু হয়।

একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি। আনন্দের সঙ্গে পূজা দেখতে বেরিয়ে এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও এলাকাবাসীর মধ্যে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

প্রতিনিধি/এলএ