জেলা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে রাজশাহীতে শেষ হয়েছে প্রস্তুতির বড় অংশ। মঙ্গলবার (২০ অক্টোবর) নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাকে একনজর দেখতে অপেক্ষায় রয়েছেন রাজশাহীর অনেক বাসিন্দাও।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সফরের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে হলেও রাজশাহীর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আবেগ কাজ করছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এ সফর নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
ভূমিমন্ত্রী জানান, এ সফরে উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে আখচাষিদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ বার্তা দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের এ আগমন রাজশাহীর মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন বলেও দাবি করেন তিনি।

এ সফরে রাজশাহীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে বলে জানান ভূমিমন্ত্রী। দাবিগুলোর মধ্যে রয়েছে বীজ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা, রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। পাশাপাশি রাজশাহী নগরীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ ঘোষণার দাবিও রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের উপস্থিতিতে এসব দাবি তুলে ধরার পরিকল্পনা রয়েছে স্থানীয় নেতাদের।
এদিকে, সোমবার মাদরাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, আরএমপি কমিশনার ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা। তারা জনসভাস্থলের প্রস্তুতি ও মাঠের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সোমবার বিকেল ও সন্ধ্যায় নগরীতে মিছিল করে ছাত্রদল। শহীদ মিনার থেকে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেটের নেতৃত্বে বের হওয়া মিছিলটি মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় মহানগর ছাত্রদলও মিছিল করে। এতে সংগঠনটির আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জনসভায় মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হবে বলে প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মীরা।
প্রতিনিধি/এসএস