জেলা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম
পঞ্চগড়ে নিখোঁজ রিকশাচালক আল আমিন (২১) হত্যা ও লাশ গুমের অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার ( ১৯) দুপুরে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
আদালত পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা নাঈমুজ্জামান ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৬ অক্টোবর ভোরে পঞ্চগড় সদর উপজেলার আমতলা কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান ভুঁইয়াকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে পঞ্চগড় কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড় শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার পর রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে ওই বছরের ১০ নভেম্বর তার বাবা মনু মিয়া মামলা করেন।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
নাঈমুজ্জামান ভুঁইয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা কমিটির সহসভাপতি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
মামলার তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আল আমিনের নিখোঁজ ও হত্যার অভিযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।
প্রতিনিধি/এলএ