জেলা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলায় বাড়ির উঠানে বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে পলাশ নামের ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পলাশ ওই গ্রামের হারুন অর রশীদের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শিশুটির মা পপি খাতুন টিউবওয়েলের পাশে একটি বালতিতে পানি জমিয়ে রেখে পাম্পের পাইপ দিয়ে গৃহপালিত মহিষ ধোয়া করছিলেন। কাজ শেষে টিউবওয়েলের কাছে ফিরে এসে তিনি শিশুটিকে বালতির পানিতে ভাসতে দেখেন।
পরে স্বজনেরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রাসেল রানা তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস