জেলা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম
চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে তদন্তে নেমে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৫টি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
এর আগে রোববার রাতে মিঠাপুকুর ও পীরগঞ্জে অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মাঝগ্রামের শাহিন মিয়া, পীরগঞ্জের পার্বতীপুর এলাকার শিমুল মণ্ডল, একই উপজেলার কাজীপাড়ার মিলন মিয়া, জাহাঙ্গীরাবাদ এলাকার হাসান মিয়া ও ভগবানপুর এলাকার রাশেদ প্রধান।
পুলিশ জানায়, গত ৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর নগরীর দর্শনা আলহাজনগর থেকে একটি পালসার মোটরসাইকেল হারিয়ে যায়। পরে ভুক্তভোগী তাজহাট থানায় একটি চুরির মামলা করেন। এই চুরির মামলা তদন্ত করতে গিয়ে সিসি ক্যামেরা বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে মোটরসাইকেল চোর সিন্ডিকেটকের মুলহোতা শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে শাহিন মিয়ার তথ্যে বিশেষ অভিযান পরিচালনা করে মোটরাসাইকেল চুরির সাথে সম্পৃক্ত আরো ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় চুরি হওয়া মোটরসাইকেলসহ ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রংপুর জেলার সক্রিয় মোটরসাইকেল চোর সিন্ডিকেটকে চিহ্নিত করে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণা করা হয়েছে। মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সাথে আরও কারা জড়িত, সেই বিষয়টি গুরুত্বসহ দেখা হচ্ছে। একই সাথে মোটরসাইকেল চুরি রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এলএ