Dhaka Mail Logo

সারাদেশ

কয়রায় ৪০ বনজীবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট

জেলা প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশীতে সুন্দরবননির্ভর ৪০ জন বনজীবীর মধ্যে নৌকা, জাল ও লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে উত্তর বেদকাশী ইউনিয়নের কাটমারচর খেয়াঘাটে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল অসহায় বনজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদেশি দাতা সংস্থার এ ধরনের উদ্যোগ কয়রার দুস্থ বনজীবীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

সহায়তা পাওয়া বনজীবী আরিফুল ইসলাম বলেন, সুন্দরবনে জীবনবাজি রেখে মাছ ও কাঁকড়া ধরে আমাদের সংসার চলে। এতদিন নিজের নৌকা ও জাল না থাকায় অন্যের নৌকায় কাজ করে খুব কষ্টে দিন কাটাতে হতো। এখন নতুন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট পেয়ে আমাদের অনেক উপকার হলো। এগুলো কাজে লাগিয়ে নিরাপদে উপার্জন করে পরিবার চালাতে পারব।

দাতা সংস্থার আঞ্চলিক প্রতিনিধি ও ইউপি সদস্য আবু হাসান বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে উপকূলীয় এলাকার বনজীবীদের জীবন ধারণ করতে হয়। তাদের স্বাবলম্বী করা এবং নিরাপদে উপার্জনের সুযোগ সৃষ্টি করাই এ সহায়তার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি ও কয়রা ঘুগরাকাটি ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার নূর কামাল হোসেন ও শাহাবুদ্দিন মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রতিনিধি/এলএ