জেলা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম
শুধু পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের শুদ্ধাচার, স্বাস্থ্য ও পুষ্টির দিকেও গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক জেলা পর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘শুধু লেখাপড়ায় জিপিএ-৫ পেলেই হবে না, শুদ্ধাচার ও স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার খেতে হবে। বাড়ির আঙিনায় সবজি চাষ ও হাঁস-মুরগি পালনে উৎসাহিত হতে হবে। পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা গ্রহণ করে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমি একঝাঁক উজ্জ্বল নক্ষত্রের মাঝে বসে আছি। তোমাদের মধ্যে কবি কামিনী রায় ও কবি জীবনানন্দ দাশের মতো প্রতিভা রয়েছে। তোমাদের সাফল্য ধরে রাখতে হবে এবং নিজেদের দক্ষতা বাড়াতে হবে।’
দেশের জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে স্বাস্থ্য, পুষ্টি ও শুদ্ধাচারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। তিনি বলেন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। পুষ্টিকর খাবারের চাহিদা পূরণে বাড়ির আঙিনায় সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনের ওপরও গুরুত্ব দিতে হবে।
দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, নিজেদের উন্নয়নের পাশাপাশি অন্যদেরও সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। বিশেষ প্রতিভাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে জিয়াউদ্দিন হায়দার বলেন, নির্দিষ্ট স্থান ছাড়া যেখানে-সেখানে ময়লা ফেলা যাবে না। বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি ময়লা-আবর্জনার ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।
শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে শিক্ষার্থীরা ঝালকাঠিকে আরও আলোকিত করবে—এটাই তার প্রত্যাশা।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু ছাইদ।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে করণীয় নিয়েও আলোচনা হয়।
প্রতিনিধি/এসএস