জেলা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার অপূর্বের (২২) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতে অপূর্বকে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল আমিন ভুঁইয়া এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার রাত ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলের সামনে থেকে অপূর্বকে গ্রেফতার করে পুলিশ। তিনি উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। গ্রেফতার এড়াতে অপূর্ব দিনের বেলায় আত্মগোপনে থেকে গভীর রাতে বের হতেন বলে জানায় পুলিশ। পরে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত বলেন, আগে জিজ্ঞাসাবাদ শুরু করি, পরবর্তীতে প্রয়োজন হলে আবারও রিমান্ডের আবেদন করা হবে।
পুলিশের দাবি, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সময় অপূর্ব সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সে সময় অস্ত্রভর্তি একটি ব্যাগ তার হেফাজতে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপূর্ব বিষয়টি স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ।
ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেফতার অপূর্ব হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন শুটারের সম্পর্কে ভাগ্নে। ওই মূল সন্দেহভাজন ব্যক্তি একজন পেশাদার খুনি হিসেবে পরিচিত এবং তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো অপূর্বের হেফাজতে রাখা হতো বলে তথ্য পাওয়া গেছে।
গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলঞ্জিয়া এলাকার একটি দোকানে চা খেয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির।
এ ঘটনার পরদিন নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা অজ্ঞাতনামা আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন।
প্রতিনিধি/এলএ