Dhaka Mail Logo

সারাদেশ

পুকুরপাড়ে ছেঁড়া বিদ্যুতের তার, পূজা দিতে এসে প্রাণ গেল গৃহবধূর

উপজেলা প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে পূজা দিতে এসে পুকুরপাড়ে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

প্রিয়াঙ্কা ওই এলাকার দাসবাড়ির পলাশ দাশের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের মূল লাইনের একটি তার ছিঁড়ে পুকুরে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানান। তবে তারটি সরানো বা ঝুঁকি মোকাবিলায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শাহ্লাং মারমা বলেন, খবর পেয়ে তাদের দল ঘটনাস্থলে যায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করে মিরসরাই থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

9769f5c3-8cce-442f-bc62-347bd15a35ac

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আদনান আহমদ বলেন, গত ২৪ ঘণ্টায় তাদের হটলাইন নম্বরে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার বিষয়ে কোনো অভিযোগ আসেনি। ভোর সাড়ে চারটার দিকে হটলাইনে ফোন করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা জানানো হয়। পরে সকাল সাড়ে আটটার দিকে এক ব্যক্তি ফোন করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর কথা জানান এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার অনুরোধ করেন। এরপরই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

আদনান আহমদ আরও বলেন, গত ২৪ ঘণ্টায় গ্রামীণ কার্যালয়ের হটলাইনে কোন কোন নম্বর থেকে ফোন এসেছে, সে বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস