Dhaka Mail Logo

সারাদেশ

মোরেলগঞ্জে সুপারি গাছ ভেঙে পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে পড়ে মো. মামুন খান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মধ্য খাউলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিফাত খান মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মামুন খান মধ্য খাউলিয়া গ্রামের মৃত মজিবর খানের একমাত্র ছেলে। তিনি স্ত্রী, মা ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। তার এক মেয়ের বয়স এক মাস, অন্যজন তৃতীয় শ্রেণিতে পড়ে।

মামুনের বন্ধু ও স্কুলশিক্ষক মো. মিরাজ হোসেন জানান, সোমবার সকালে নিজ বাড়ির সুপারি গাছ থেকে সুপারি পাড়ছিলেন মামুন। এ সময় গাছটি ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মামুনের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/এসএস