জেলা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালাতে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়েছেন সংসদ সদস্যসহ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। অভিযানের সময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে জেলেদের বিরুদ্ধে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার পালেরচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৩৬ জন জেলেকে আটক করা হয়। এ সময় প্রায় দুই লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকালে পালেরচর এলাকায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করছিলেন প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানের একপর্যায়ে জেলেদের সঙ্গে তাদের উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় শতাধিক জেলে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং লাঠিসোঁটা নিয়ে অভিযানে থাকা সদস্যদের ধাওয়া দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। সংশ্লিষ্টদের ভাষ্য, তাদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযানে থাকা সদস্যরা পালেরচর এলাকার নদীর পাড়ে অবস্থান নেন।
এদিকে, হামলার অভিযোগে জেলেদের একটি অংশ উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তাকে কিছু সময় অবরুদ্ধ করে রাখে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান জোরদার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ৩৬ জন জেলেকে আটক করা হয়। পাশাপাশি জব্দ করা হয় প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ।

ঘটনার বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, আমরা এখনো পদ্মা নদীতে অবস্থান করছি। ঘটনাটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। যারা এ ঘটনা ঘটাচ্ছে, তাদের শক্ত হাতে প্রতিহত করার চেষ্টা করছি।
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, পালেরচর এলাকার পদ্মা নদীতে আমরা অভিযানে যাওয়ার পর জেলেরা গ্রেফতারের ভয়ে ইটপাটকেল ছুড়েছে। পরে অভিযান জোরদার হলে তারা পালিয়ে যায়। আমরা ৩৬ জন জেলেকে আটক করেছি।
অন্যদিকে, নিজের ওপর হামলার বিষয়টি ভিন্নভাবে দেখছেন সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম। তিনি বলেন, আসলে আমার ওপর হামলা—এভাবে বিষয়টি দেখছি না। তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অভিযান প্রতিহত করার জন্যই তাদের এ ক্ষোভ।
প্রতিনিধি/এসএস