জেলা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে একই কক্ষে গলায় ওড়না পেচানো মায়ের ঝুলন্ত লাশের পাশে দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, পারিবারিক অশান্তির জেরে দুই সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানায়, চিরিরবন্দরের ৬ নম্বর অমরপুর ইউনিয়নের মোস্তাফাপুর বালাপাড়া গ্রামে বাসিন্দা অটোবাইকচালক শাকিল (২৭) একজন মাদকাসক্ত। এ নিয়ে স্ত্রী স্বর্ণা আখতারের সাথে সাথে প্রায় ঝগড়া লেগে থাকত।
সন্ধ্যায় সবাই বাজারে গেলে স্বর্ণা আখতার ৪ বছর বয়সী ছেলে সাফায়েত হোসেন এবং দেড় বছর বয়সী কন্যা রাইসা আখতারকে শ্বাসরোধ করে হত্যা করে নিজেও গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। প্রকৃত কারণ জেনে পরবর্তীতে জানানো হবে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি। বিস্তারিত জেনে তারপর ঘটনার বিষয়ে বলতে পারব।
প্রতিনিধি/এলএ