Dhaka Mail Logo

সারাদেশ

টঙ্গীতে ‘ড্রাগ ইন্টারন্যাশনালে’ আগুন: ৪ দিন পর তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম

গাজীপুরের টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওষুধ কারখানায় আগুন লাগার ঘটনার চারদিন পর ফায়ার সার্ভিস স্বপ্রণোদিত হয়ে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কারখানা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় ফায়ার সার্ভিস এই কমিটি গঠন করে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টঙ্গী ফায়ার সাভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কারখানা কর্তৃপক্ষ আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। এ বিষয়ে তারা কোনো উদ্যোগও নেয়নি, কর্তৃপক্ষ কারখানার কার্যক্রম চালু করতে ব্যস্ত সময় পাড় করছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সরকারকে আগুন লাগাসহ বিস্তারিত প্রতিবেদন আকারে জানাতে হয়। তাই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রোববার পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটি কবে কখন ঘটনাস্থল পরিদর্শনে আসবে- সে বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি। কমিটির বাকি সদস্যদেরও নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রতিনিধি/এলএ