Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে এক কেন্দ্রেই মিলবে বিভিন্ন ভূমিসেবা

জেলা প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম

হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এ কেন্দ্র থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, মৌজা ম্যাপসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা পাবেন সেবাপ্রার্থীরা।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, নতুন এ কেন্দ্রে অনলাইন আবেদনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান, মৌজা ম্যাপ, ভূমিসংক্রান্ত অভিযোগসহ অন্যান্য সেবা পাওয়া যাবে। সেবাপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে সহজে ভূমিসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন কেন্দ্রটি চালুর মধ্যদিয়ে জেলায় ভূমিসেবা কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫১টিতে। প্রতিটি কেন্দ্রে তিনজন করে কর্মচারী রয়েছেন। তাদের জেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে সেবাপ্রার্থীরা হয়রানিমুক্তভাবে প্রয়োজনীয় সেবা পান।

কেন্দ্রের উদ্যোক্তাকে শর্ত মেনে সেবা দেওয়ার নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক বলেন, নির্ধারিত শর্তের কোনো ব্যত্যয় ঘটলে চুক্তি বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাছুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন, কেন্দ্রীয় কৃষিবিদ ইনস্টিটিউটের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহাবুল আলম এবং গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রতিনিধি/এলএ