জেলা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম
রংপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার অপসারণ, প্রকল্প বাতিল এবং গ্রাহক হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুরে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতালের ডাক দিয়েছে নাগরিক ও ভোক্তা অধিকার রক্ষা কমিটি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে ‘বিদ্যুৎ গ্রাহক ফোরাম, রংপুর’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- ‘বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের’ আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্য সচিব আরেফিন তিতু, সদস্য দেলোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা বলা হয়, ৩০ নভেম্বরের আগে এসব দাবি পূরণ না হলে ওই দিন আধাবেলা হরতাল পালন করা হবে। দাবিগুলো হলো- (১) জোরপূর্বক বসানো সব প্রিপেইড মিটার অবিলম্বে অপসারণ করে পুনরায় আগের ডিজিটাল পোস্টপেইড মিটার চালু করতে হবে। (২) মিটারের নামে অতিরিক্ত বিল আদায়, (৩) ডিমান্ড চার্জ, (৪) গ্রাহকদের ওপর মানসিক হয়রানি বন্ধ এবং (৫) সাধারণ জনগণের সম্মতি ছাড়া নেসকোর এই ‘গণবিরোধী’ প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প সম্পূর্ণ বাতিল ঘোষণা করতে হবে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু বলেন, দীর্ঘদিন ধরে নেসকো গ্রাহকদের জোর করে প্রিপেইড মিটার নিতে বাধ্য করছে। এই মিটার গ্রাহকদের মরার ওপর খড়ার ঘায়ে পরিণত হয়েছে। আগে সাধারণ মিটারে মাসে বিদ্যুৎ বিল আসত ১ হাজার টাকা, এখন প্রিপেউড মিটারে ৩ হাজার বিল দিতে হচ্ছে। কাজেই প্রিপেইড মিটার অপসারণ করতে হবে। সেই সঙ্গে আওয়ামী লীগ আমলের এই প্রকল্প বাতিল করতে হবে। বিষয়টি সরকারপ্রধানের দৃষ্টিগোচর করতে এবং দাবি বাস্তবায়ন করতে আগামী ৩০ নভেম্বর সোমবার ৬টা থেকে দুপুর ১২টা সর্বাত্মক অর্ধদিবস দিবস হরতালের কর্মসূচি আমরা ঘোষণা করছি।
প্রতিনিধি/এলএ