জেলা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে পূজাকে ঘিরে যাতে চোরাকারবারিদের যে-কোনো অপতৎপরতা রোধে নজরদারি ও টহল বৃদ্ধি করে সীমান্ত এলাকায় থাকা পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জেলার সদর, শিবগঞ্জ ও ভোলাহাটে সীমান্তবর্তী ১৩টি পূজা মণ্ডপে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটলিয়ন। বিজিবি সদস্যরা দিনে ও রাতে পূজা মণ্ডপ পাহারাসহ এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। এছাড়াও অতিরিক্ত আরও দুই প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু রবিবার (১৮ অক্টোবর বিকেলে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সীমান্তবর্তী বাঘবাড়ি দুর্গা মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি পূজা মণ্ডপের সভাপতির হাতে উপহার ও ফলমূল তুলে দেন।
পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে আরও উৎসবমুখর, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে বিজিবি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তের প্রতিটি পূজা মণ্ডপে বিশেষ ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে আমাদের সার্বক্ষণিক টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যে-কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও গুজব প্রতিরোধে বিশেষ গোয়েন্দা নজরদারি এবং তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, পূজা মণ্ডপের নিরাপত্তা বৃদ্ধি করা হলেও সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে অন্য যে-কোনো সময়ের তুলনায় আরও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। এছাড়াও পূজা মণ্ডপ থাকা এলাকাগুলোতে বিওপি ক্যাম্পগুলোতে অতিরিক্ত লোকবল বৃদ্ধি করা হয়েছে।
প্রতিনিধি/ এজে