জেলা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ পিএম
কক্সবাজারের উখিয়ায় একটি রিসোর্টে ভয়াবহ আগুনে ১০ পর্যটকের মৃত্যুর পরদিন রাঙামাটিতে বৈঠক ডেকেছে জেলা প্রশাসন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে 'জেলার হোটেল, রেস্তোরাঁ এবং রিসোর্ট মালিকদের নিয়ে বিশেষ সভা' হয়। অনুষ্ঠিত বৈঠক থেকে জেলার হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টসমূহে অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশনা দেন জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী।
বৈঠক সূত্র জানিয়েছে, বৈঠকে যে সকল হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টে যথাযথ অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নেই, সে সকল প্রতিষ্ঠানের মালিকরা আগামী সাত দিনের মধ্যে তাদের প্রতিষ্ঠানসমূহে যথাযথ অগ্নি-নির্বাপণ ব্যবস্থা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন- রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক নিউটন দাস, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম, হোটেল-রেস্তেরাঁ মালিক সমিতির সহ-সভাপতি মো. নেকবর আলী, রাঙামাটি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দেওয়ানসহ অন্যান্য রেস্তোরাঁ, হোটেল, রিসোর্ট-কটেজ মালিক সমিতির নেতা ও প্রতিনিধিরা।
এসময় বৈঠকে উপস্থিত বক্তারা জেলার পর্যটনশিল্পের সার্বিক উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানসম্মত খাদ্য ও আবাসনের পরিবেশ বজায় রাখা এবং সেবার মানোন্নয়নে আলোচনা করেন। পর্যটন মৌসুমে পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয় বৈঠক থেকে।
এসব প্রসঙ্গে জানতে চাইলে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী বলেন, কক্সবাজারের ভয়াবহ অগ্নিদুর্ঘটনার পর আমরা আজকে (রোববার) জেলার সংশ্লিষ্ট সকল দপ্তর ও হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ মালিকদের সঙ্গে সভা করেছি। সভায় রাঙামাটিতে আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া যে সকল প্রতিষ্ঠানে অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নেই, সেখানে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা জেলা প্রশাসন থেকে ব্যবসায়ী-মালিকদের বলেছি৷ তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে অগ্নি-নির্বাপণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সবাই না পারলেও বেশিরভাগ প্রতিষ্ঠান সেটি নিশ্চিত করবে। পর্যটকদের দিয়েই যেহেতু ব্যবসা হচ্ছে, সেখানে তাদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরও যারা নির্দেশনা অনুসরণ করবেন না, সেক্ষেত্রে আমরা মোবাইল কোর্ট করব৷ যাতে করে পরবর্তীতে বলা না যায়; প্রশাসন এসব বিষয়ে আগে থেকেই অবহিত করেনি।
প্রতিনিধি/এলএ