জেলা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম
সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলায় প্রধান অভিযুক্ত ফজলুল হক আমিনী বলেছেন, আইনের দৃষ্টিতে তিনি অপরাধী হলেও অনুতপ্ত নন। তার দাবি, শামীমকে পিটিয়ে মারার উদ্দেশ ছিল না, দুর্ঘটনাবশত এমন ঘটনা ঘটেছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে আদালতে নেওয়ার আগে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আমিনী।
এর আগে বিকেল ৩টার দিকে কালীগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতারের পর এসআরবি-৬ পুলিশের কাছে হস্তান্তর করে। বিকেল ৪টার দিকে পুলিশ তাকে আদালতে পাঠায়।
আমিনী বলেন, আইনের দৃষ্টিতে আমি অপরাধী, আমি অনুতপ্ত নই। যে কাজটি করেছি, সেটি আল্লাহ পাক ফয়সালা করবেন। পিটিয়ে মারার উদ্দেশ ছিল না, দুর্ঘটনাবশত হয়ে গেছে।
শামীমের ধর্মীয় পরিচয় নিয়ে আমিনী বলেন, সে যে ওভাবে নাস্তিক ছিল, আমরা ধারণা পাইনি। বিভিন্ন দেশ থেকে নাস্তিকেরা যেভাবে মোবাইল করে থ্রেট দিয়েছে, তাতে নিশ্চিত হয়েছি- সে নাস্তিক ছিল।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ফজলুল হক আমিনী হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলেও জানিয়েছেন। এ কারণে তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করছে পুলিশ।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবককে দুই দফায় গণপিটুনি দেওয়া হয়। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় আমিনীর নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।
শামীমের পরিবারের পক্ষ থেকে করা হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
প্রতিনিধি/এলএ