জেলা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে ঝিনাইদহে নির্মাণ করা হয়েছে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) নতুন একাডেমিক-কাম-প্রশাসনিক ভবন। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত ভবনটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন অপেক্ষা উদ্বোধনের।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় নির্মিত বহুতল ভবনটির উদ্বোধন আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নতুন ভবনটিতে শিক্ষক প্রশিক্ষণার্থী ও কর্মকর্তাদের জন্য রাখা হয়েছে আধুনিক অবকাঠামোগত সুবিধা। এর মধ্যে রয়েছে আধুনিক আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়াসমৃদ্ধ শ্রেণিকক্ষ, কনফারেন্স রুম, লাইব্রেরি ও প্রশাসনিক কক্ষ। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে জেনারেটর কক্ষ। ভবনটির সঙ্গে নির্মাণ করা হয়েছে নান্দনিক সীমানাপ্রাচীর, অভ্যন্তরীণ বিনোদনকেন্দ্র ও প্রশিক্ষণ চত্বর।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে এবং মিম কনস্ট্রাকশনের মাধ্যমে ভবনটি নির্মাণ করা হয়েছে। ঝিনাইদহ পিটিআইয়ের ভবন নির্মাণে মোট ব্যয় হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ ৭৮৫ টাকা।
খুলনা বিভাগের নির্বাচিত কয়েকটি পিটিআইয়ের অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এ ধরনের আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ পিটিআই অন্যতম।
ঝিনাইদহ পিটিআইয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট কাউসার আলী বলেন, “আমরা বহুল প্রতীক্ষিত নতুন ভবনের উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। অনুষ্ঠানের যাবতীয় আয়োজন চূড়ান্ত করা হয়েছে। নতুন ভবন চালু হলে ঝিনাইদহসহ পার্শ্ববর্তী অঞ্চলের প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের মান বাড়বে এবং মানসম্মত শিক্ষার প্রসারে নতুন মাত্রা যোগ হবে।”
প্রতিনিধি/এসএস