Dhaka Mail Logo

সারাদেশ

দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবির নজরদারি জোরদার

জেলা প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম

দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় দিনাজপুর রাজবাড়ী দুর্গামন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, এ বছর রংপুর বিভাগের আওতাধীন এলাকায় ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দিনাজপুর জেলায় রয়েছে প্রায় ১ হাজার ৩০০টি মন্দির ও পূজামণ্ডপ।

পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা এবং পূজামণ্ডপে ভাঙচুর প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।

লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।

প্রতিনিধি/এলএ